বিশ্ববিদ্যালয়কে র‍্যাংকিংয়ে এগিয়ে নিতে গবেষণায় মনোযোগী হবে শাবিপ্রবি: উপাচার্য

২ অক্টোবর, ২০২৪ ১২:২১  

দায়িত্ব গ্রহণের পর বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক হাসান নাঈম সহ বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও স্থানীয় দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা।

সভায় বিশ্ববিদ্যালয়কে র‍্যাংকিংয়ে এগিয়ে নিতে গবেষণায় কাজ করবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। এজন্য শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের সহযোগিতার আশা ব্যক্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতির আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সংকট থেকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছি। গুরুত্বপূর্ণ পদের ঘাটতি পূরণ করতে নিয়োগ ও হল সমস্যার সমাধান করে দ্রুত ক্লাস পরীক্ষায় ফেরার  কাজ করছি।

শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসন করতে দ্রুত আবাসিক হল নির্মাণ ও দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার ফলে যে গ্যাপ তৈরি হয়েছে সেটাও দ্রুত নিরসন করা হবে। শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশে আবাসিক হলগুলোতে গুণগত খাবারের মান উন্নয়নে পদক্ষেপ এবং শাহজালাল রহ. নামে 'শাহজালাল কর্নার' তৈরি করা হবে বলেও জানান তিনি।